২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশের বিরুদ্ধে সিলেটে মামলা

সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে একটি প্রতিবেদনকে কেন্দ্র করে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে সিলেটে মানহানির একটি মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 10:15 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন আওয়ামী লীগ নেতার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের হুমায়ূন রশীদ লাভলু।

বর্তমানে সিলেট শহরতলীর মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা লাভলু নিজেকে আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দেন।

গত ৩১ মার্চ আমার দেশে প্রকাশিত ‘এতিম স্কুলের বরাদ্দ থেকে তিন কোটি টাকা ঘুষ দাবি সুরঞ্জিতের’ শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়ে মামলাটি হয়েছে।

বাদির অভিযোগ, ওই সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ছিল, যা রাজনৈতিক ও সামাজিকভাবে সুরঞ্জিত সেনগুপ্তের সম্মানহানি করেছে। সেই সঙ্গে আওয়ামী লীগকর্মী হিসেবে বাদিরও সম্মানহানি হয়েছে।

মামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাশমত আলী, প্রতিবেদক কাদের গণি চৌধুরী ও এনজিও কর্মকর্তা শহরতলীর আখালিয়া নেহারীপাড়া এলাকার জামিল চৌধুরীকে বিবাদী করা হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে সিলেট কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।