তখন ছিলেন কোথায়: আ. লীগ নেতাদের আশরাফ
সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে না পারায় চট্টগ্রামের সাতকানিয়ার আওয়ামী লীগ নেতাদের কড়া সমালোচনা করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
জামায়াতি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ায় বুধবার আওয়ামী লীগের এক সভায় তিনি বলেন, “প্রশাসনের গাফিলতি ছিল। কিন্তু আপনারা ছিলেন কোথায়?
“আওয়ামী লীগ তো জনগণের দল, আওয়ামী লীগ কর্মীরা তো পুলিশ-বিডিআরের জন্য অপেক্ষা করে না।”
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর বিভিন্ন স্থানের মতো দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বুধবার সাতকানিয়া ও বাঁশখালীতে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করেন।
সাতকানিয়া উপজেলা পরিষদে সভায় বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগের নেতাদের সক্রিয় ভূমিকা নেয়ার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, কোনো মানুষ এভাবে হামলা চালাতে পারে বলে তার বিশ্বাস হয় না।
চট্টগ্রাম শহর থেকে সাতকানিয়া যাওয়ার পথে বাঁশখালীর চাঁদপুর বাজারে একটি পথসভায়ও বক্তব্য রাখেন আশরাফ।
সংখ্যালঘুদের আশ্বস্ত করে আশরাফ বলেন, “যারা এই হামলায় জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাশ হাট, জলদী, চাম্বল, নাপোড়াসহ বিভিন্ন ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, মন্দির, ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। কুপিয়ে হত্যা করা হয় শিলকূপা গ্রামের দয়াল হরি শীলকে।
সাতাকনিয়া উপজেলার চরতী সুইপুরা কালী মন্দির, বাজালিয়া ঋষিধাম মন্দির গেইট ও সুইপুরা বৌদ্ধ মন্দিরে ভাংচুর চালানো হয়।
