কামারুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপনে ২ দিন সময়
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন শেষ করতে আসামি পক্ষকে দুদিনের সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর জন্য দিন ঠিক থাকলেও শুরু করতে না পারায় তাদেরকে সতর্ক করে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আসামিপক্ষের আবেদনে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের তারিখ এক দিন পিছিয়ে বুধবার নির্ধারণ করেন।
বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “আবেদন বিবেচনা করে এ মামলার তারিখ ৩ এপ্রিল দিচ্ছি।”
ওই দিন আসামি পক্ষকে অবশ্যই ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে যুক্তি উপস্থাপন করতে হবে বলে সতর্ক করে দেন তিনি।
মঙ্গলবারের ডাকা হরতালের কারণে কামারুজ্জামানের পক্ষের আইনজীবীরা উপস্থিত হতে পারেননি বলে আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালকে জানান।
প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম বলেন, কামারুজ্জামানের পক্ষে ট্রাইব্যুনালে দুদিনের মধ্যে যুক্তি উপস্থাপন শুরু করতে হবে, তা না হলে লিখিত যুক্তি দাখিল করতে হবে আসামির আইনজীবীকে।
৩১ মার্চ প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন শেষ করে। এখন আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে প্রয়োজনে তার জবাব দেবে প্রসিকিউশন।
কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগে দায়ের করা মামলা এখন বিচারের শেষ ধাপে রয়েছে। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে রায়ের দিন ধার্য করবে ট্রাইব্যুনাল।
এদিকে একই ট্রাইব্যুনালে একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় কারাগারে আটক জামায়াত নেতা মোহাম্মদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৭তম ও শেষ সাক্ষি আব্দুর রাজ্জাকের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সাক্ষ্যে আব্দুর রাজ্জাক বলেন, ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস, পটভূমি ও সেসময়ের দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রপত্রিকা থেকে তথ্য উপাত্ত ও ক্ষতিগ্রস্তদের জবানবন্দি থেকে মুজাহিদের যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
মুজাহিদের নির্দেশ, পরামর্শ ও সহযোগিতায় পাকিস্তানিরা বাঙালিদের উপর নির্মম নির্যাতন চালায় বলে জানান তিনি।
এ মামলার প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, সাক্ষির সাক্ষের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত।
আগামী ৭ এপ্রিল এ মামলার পরবর্তী তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল।
