২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ সাংবাদিক পেল কল্যাণ তহবিলের চেক

সাংবাদিক কল্যাণ তহবিল থেকে দু্স্থ সাংবাদিকদের অর্থ সহায়তা দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন, সাম্প্রদায়িক শক্তির ‘আক্রমণের’ মুখেও সাংবাদিকদের সাহসের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি ও যুদ্ধাপরাধীদের চক্রান্তের মধ্যে দিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা কোনো বাছবিচার করছে না।

“প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করছে। রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলছে, বোমা মেরে শিক্ষার্থীদের চোখ উপড়ে ফেলার চেষ্টা করছে। যারাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছে তাদের হুমকি দিচ্ছে তারা।”

দেশের বিভিন্ন অঞ্চলের ২২ জন সাংবাদিককে ৫০ হাজার করে টাকার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী।

Image
Khaleda deserves no more chance: Inu

Khaleda deserves no more chance: Inu

গত বছর ৫০ লাখ টাকার সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করে সরকার। এবার এই তহবিলে এক কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।

নিহত সাংবাদিকের পরিবার, আহত ও দুস্থ সাংবাদিকদের মধ্যে এই তহবিল থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। তথ্য সচিবের নেতৃত্বে সাংবাদিক নেতাদের নিয়ে একটি কমিটি সাংবাদিকদের তালিকা তৈরি করে।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের গণমাধ্যম এখনও অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারেনি। সাংবাদিকরা আগ্রহ এবং মর্যাদার জন্য দায়িত্ব পালন করেন।

“অনেক সময় রাজনৈতিক নেতারা নীরব হয়ে যান। কিন্তু সাংবাদিকরা সামরিকতন্ত্র, অপসংস্কৃতি, জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। গণতন্ত্র বাঁচলে গণমাধ্যম বাঁচবে।”

অনুষ্ঠানে তথ্যসচিব হেদায়েতুল্লা আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজের সভাপতি ওমর ফারুকসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।