২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক ও বিটিভি প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগ বাড়লো

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) ম. হামিদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, রাজউকের চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ ২৩ মার্চ থেকে এবং ম. হামিদের চুক্তিভিত্তিক নিয়োগ গত ১১ মার্চ থেকে কার্যকর হবে।

২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান প্রকৌশলী নুরুল হুদা। মেয়াদ পূর্ণ হওয়ার পর এর আগে দুই দফায় এক বছর করে তার মেয়াদ বাড়ানো হয়েছিল।

গত জানুয়ারিতে পদত্যাগপত্র জমা দেয়ার পর নাটকীয় পরিস্থিতির মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর অনুরোধে তা আবার ফিরিয়ে নিয়েছিলেন রাজউক চেয়ারম্যান।

তবে সাংবাদিকদের নুরুল হুদা বলেছিলেন, মেয়াদ শেষ হওয়ার পর আর রাজউকে থাকবেন না তিনি।

গত বছরের মার্চে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নাট্যব্যক্তিত্ব ম হামিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে বিটিভিতে নিয়োগ দিয়েছিল সরকার।