ঢাকায় নেমেছে বাস, বন্ধ দূরপাল্লার
ইসলামী ছাত্র শিবির ও ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নগর পরিবহনের বাস চলছে। তবে ঢাকার টার্মিনালগুলো ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে রাজধানীতে বাস চলাচল কম থাকায় বুধবার সকালে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি রাজধানীর কল্যাণপুর থেকে তোলা।
গাবতলি বাস টার্মিনালে গোল্ডেন লাইন পরিবহনের কর্মী শরিফুল ইসলাম জানান, সকাল থেকে দূরপাল্লার কোনো বাস চলছে না। সন্ধ্যার পর থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে।
হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র্যাব-পুলিশের টহল লক্ষ করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর থেকে নগর পরিবহনের বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলছে।
রাস্তায় বাস কম থাকায় অনেককেই রিকশায় করে অফিসে রওনা হতে দেখা যায়। হরতালের সুযোগে প্রধান সড়কেও চলছে রিকশা।
মহাখালী বাস টার্মিনাল একটি পরিবহনের কর্মী এনামুল জানান, মহাখালী থেকেও দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের থামিয়ে শরীর ও ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে।
