২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টর্নেডোয় নিহত হামিমের নাম প্রশাসনের তালিকায় উঠলো

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় নিহত হওয়ার ১০ দিন পর স্থানীয় প্রশাসনের তালিকায় নাম উঠল হামিমের।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার সোমবার মো. হামিমের (২৩) নাম তালিকাভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

২২ মার্চ টর্নেডোর সময় মারা গেলেও প্রশাসনিক জটিলতায় তার নাম বাদ তালিকা থেকে বাদ পড়ে।

নিহতদের পরিবারকে বিশ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে সরকার। এতদিন সে সহায়তা না পেলেও এখন তা পাওয়া নিশ্চিত হলো হামিমের পরিবারের জন্য। 

নিহত হামিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামে।

২২ মার্চ মুকুন্দপুর শ্বশুর বাড়িতে যাওয়ার সময় চিনাইর এলাকায় টর্নেডোর কবলে পড়ে সে।

তার বাবা জাহের মিয়া বলেন, হামিমের লাশ চিনাইর মোড়ে কাদার মধ্যে পড়ে ছিল। একদিন পর হাসপাতালে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন তিনি।

আহত শিক্ষক আইসিইউতে

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় আহত স্কুল শিক্ষক মো. খোকন মিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন আছেন।

তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বলে জানান খোকনের চাচাতো বোন আফসানা সুলতানা।

খোকন স্থানীয় একটি প্রাইমারী স্কুলের শিক্ষক।

তার চিকিত্সার খরচ মেটাতে আত্মীয়-স্বজনরা এ পর‌্যন্ত প্রায় আড়াই লাখ টাকা দিয়েছেন বলেও জানান আফসানা।

চিকিত্সার ব্যয় আর বহন করতে না পেরে তারা প্রশাসনের কাছে সহায়তার জন্য আবেদন করেছেন। তবে এখন পর‌্যন্ত কোন সহায়তা পাওয়া যায়নি বলে জানান আফসানা।