জামায়াত নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীকে জানাল তরীকত
বাংলাদেশ তরীকত ফেডারেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।
তরীকত ফেডারেশনের নেতারা মঙ্গলবার রাতে গণভবনে যান। তারা রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তরীকত ফেডারেশনের নেতাদের বৈঠকে থাকা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওনারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বলেছেন, তারা নেত্রীর সঙ্গে রয়েছেন।”
“ওনারা জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন,” বলেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
তরীকত ফেডারেশনের নেতারা প্রধানমন্ত্রীকে বলেছেন, তারা আলেমদের নিয়ে সব ধরনের নৈরাজ্য মোকাবেলায় মাঠে থাকবেন।
জামায়াতের বিরুদ্ধে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও বলেছে তরীকত ফেডারেশন।
