ফরিদপুরে শিবিরের মিছিল, গাড়ি ভাঙচুর
ফরিদপুর শহরে সোমবার বিকালে ঝটিকা মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে শিবির সমর্থকরা।
বেলা সাড়ে ৩টার দিকে নিলটুলী এলাকায় একটি পিকআপ, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ছাড়াও একটি চশমার দোকান ভাঙচুর করা হয়।
ঘটনার পর জনতা ধাওয়া করে রায়হান (১৯) ও ইকবাল হাসান (১৮) নামে দুই শিবিরকর্মীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, নিলটুলীর আরোগ্য সদন হাসপাতালের পাশের গলি দিয়ে মঙ্গলবারের হরতালের সমর্থনে ২০/২৫ জন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল শুরু করে।
মিছিলকারীরা মুজিব সড়কে গিয়ে তিনটি গাড়ি ভাংচুর করে।
এরপর ফরিদপুর অপটিক্যাল নামে একটি চশমার দোকান ভাঙচুর করলে লোকজন তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে।
আটক দুই শিবিরকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন ওসি।
