২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির কোষাধ্যক্ষ আকবর হোসেন কারাগারে

আত্মসমর্পণের পর ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কোষাধ্যক্ষ আকবর হোসেন সুমনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানির জন্য আগামী ৪ এপ্রিল শুনানির দিন রেখেছেন বিচারক।

ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান সোমবার এই আদেশ দেন।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুটি দুদক দায়ের করে করে।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।

আসামিদের বিরুদ্ধে ট্রি প্লানটেশন প্রকল্প থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং এমএলএম অ্যাকাউন্ট থেকে এক হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর অভিযোগ আনা হয়।

এ দুই মামলার আসামি আকবর হোসেন সুমন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠাতে বলেন বিচারক।  

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মোজাহের আলী সরদার ডেসটিনি কোষাধ্যক্ষকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিচারক ৪ এপ্রিল শুনানির জন্য তারিখ রাখেন।

সুমনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান।