২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে ভাংচুর-আগুন-বোমাবাজি শিবিরের

সভাপতিকে গ্রেপ্তারের পর হরতালের স্লোগান দিয়ে দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা, রাজধানীতে আগুন দেয়া হয়েছে আটটি গাড়িতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার বিকালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।

ওই ঘোষণার পরপরই সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে শিবিরের একদলকর্মী মিছিল বের করে গাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, গাইবান্ধা, জয়পুরহাটে ভাংচুরের খবর পাওয়া গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বোমাবাজি হয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (পেট্রোল) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সন্ধ্যা ৬টার দিকে ১০/১২ জন শিবিরকর্মী ‘হরতাল-হরতাল’ স্লোগান দিয়ে একটি মিছিল বের।

“তারা একটি প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে। পুলিশ ধাওয়া দিলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।”

পুলিশ মিছিলকারী একজনকে আটক করেছে বলে তিনি জানান।

প্রায় আধা ঘণ্টা পর মাতুয়াইলে একটি বাসে আগুন দেয়া হয় বলে যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসে আগুন দেয়া হলে স্থানীয়রাই তা নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাদপুর এলাকায় শিবিরকর্মীরা বিআরটিসির একটি দোতলা গাড়িতে আগুন দেয়।

আগুনের গাড়ির সামনের দুটি আসন (সিট) পুড়ে যায়। ওই এলাকায় অন্তত ২০টি গাড়ি ভাংচুর এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা জানায়।

প্রায় একই সময় রায়েরবাগের হাসেম রোডে পর পর তিনটি বাসে আগুন দেয়া হয় বলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে রাস্তায় এসে গাড়ি ভাংচুর শুরু করে। যাত্রীরা আতঙ্কে নেমে পড়লে তারা বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।”

রাত ৮টার দিকে পুরান ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের কাছে সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

রাত ৯টার দিকে মিরপুর কাজীপাড়ায় দুটি গাড়িতে আগুন দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাবি প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও রেলগেইট এলাকায় জড়ো হয়ে পর পর হাতবোমার বিস্ফোরণ ঘটাতে থাকে শিবিরকর্মীরা।

এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে মিছিল বের করে শিবির। মিছিল থেকে প্রশাসন ভবন, প্রথম বিজ্ঞান ভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবন ও হবিবুর রহমান আবাসিক হলকে লক্ষ্য করে অন্তত ৩০-৩৫ টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

ওই সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান সাংবাদিকদের বলেন, এরপর ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ক্যাম্পাসে পুলিশ ওই সময় ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ মূল ফটকের সামনে ছিল। পুলিশ আসার আগে শিবির কর্মীরা পালিয়ে গেছে।”

মতিহার থানার ওসি অসিত কুমার জানান, ক্যাম্পাসে বোমাবাজির সময় রুয়েট সংলগ্ন মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুটি অটোরিকশা পুড়িয়ে দেয় শিবিরকর্মীরা।

Image
রাজশাহীতে পুলিশের ওপর চড়াও ছাত্রশিবিরের কর্মীরা। রোববার সকালের ছবি।

রাজশাহীতে পুলিশের ওপর চড়াও ছাত্রশিবিরের কর্মীরা। রোববার সকালের ছবি।

এর সন্ধ্যার আগে কেডির মোড়ে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, সন্ধ্যায় বন্দরনগরীর বহদ্দারহাটে কয়েকটি যানবাহন ভাংচুর এবং আগুন দেয়ার চেষ্টা করে শিবিরকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং ২৩ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচ শিবিরকর্মীকে আটকও করা হয়।

পৌনে ৬টার দিকে নগরীর বাদুরতলা এলাকা থেকে মিছিল শুরু করে শিবিরকর্মীরা। মিছিলটি বহদ্দারহাট এলাকায় এলে দাঁড়ানো একটি বাসে আগুন দেয়ার চেষ্টা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

টহল পুলিশ তাড়া দিলে শিবিরকর্মীরা মুরাদপুরের দিকে যাওয়ার সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকান ভাংচুর করে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শহীদুল্লাহ।

এছাড়া মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।

খুলনা প্রতিনিধি জানান, সন্ধ্যায় নগরীর শান্তিধাম মোড় ও ফুল মার্কেট এলাকায় ভাংচুর চালায় শিবিরকর্মীরা। ওই সময় পর পর ছয়টি হাতবোমার বিস্ফোরণও ঘটে।

এছাড়া খানজাহান আলী সড়কে মিছিল বের করলে পুলিশ শিবিরকর্মীদের লাঠিপেটা করে। ওই সময় দুটি ট্রাক, দুটি পিকআপ ভ্যান ও চারটি ইজিবাইক ভাংচুর করা হয়।

নোয়াখালী প্রতিনিধি জানান, সন্ধ্যায় মিছিল থেকে জেলা শহরের দত্তেরহটে শিবিরের পুলিশ সুপারের জিপসহ ৭-৮টি গাড়ি ভাংচুর করা হয়। সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, পলাশবাড়ীতে বিকাল পৌনে ৫টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আড়াই ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে শিবিরকর্মীরা।

স্থানীয়রা জানায়, উপজেলা শহরের জুনদহ, মহেষপুর, পেট্রোল পাম্প এলাকায় গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিবিরকর্মীরা। পাঁচটি বাসও ভাংচুর করেছে তারা।

পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয় বলে পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টার দিকে ঝটিকা মিছিল থেকে অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে শিবিরকর্মীরা।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এক কিলোমিটারজুড়ে এবং পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের দেড় কিলোমিটার এলাকাজুড়ে বৈদ্যুতিক খুঁটি, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে শিবিরকর্মীরা।

ফেনী প্রতিনিধি জানিয়েছেন, মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি ট্রাকে আগুন দিয়েছে শিবিরকর্মীরা। শহরে ভাংচুর করেছে অন্তত ২০টি গাড়ি। ফেনী বড় মসজিদের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে।

এছাড়া মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় শিবিরকর্মীদের অবরোধে ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বিকালে বাগেরহাট-খুলনা সড়কের জামায়াত ইসলামীর কার্যালয় সংলগ্ন বকুলতলা এলাকায় বিআরটিসির এই বাস ভাংচুর হয়।

এটি খুলনা থেকে বরগুনার পাথরঘাটায় যাচ্ছিল। হামলাকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে বাসের সহকারী সবুজসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হন।

শিবির সভাপতি গ্রেপ্তার, হরতালের ডাক

বিকালে শিবির সভাপতিকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় হরতালের ঘোষণা দেয় সংগঠন।

ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ইয়াছীন আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ এবং মঙ্গলবার হরতাল হবে। 

দেলওয়ারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেপ্তার করে সরকার অন্ধের মতো মৌচাকে ঢিল ছুড়েছে।

শিবির সভাপতিতে নিঃশর্ত মুক্তি না দিলে সরকার পতনের এক দফা আন্দোলনের মাধ্যমে দেশ অচলের হুমকিও দিয়েছে সংগঠনটি।

বিকালে রাজধানীর শ্যামলী থেকে দেলওয়ারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

শিবির সভাপতি গ্রেপ্তার