২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা, বগুড়া জামায়াত সেক্রেটারি গ্রেপ্তার

আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার অভিযোগে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বগুড়া,প্রতিনিধি, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 11:00 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

রোববার দুপুরে এ হামলার পর পুলিশের সঙ্গে জামায়াত-শিবির সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়।

এ সময় মাজেদুর রহমান জুয়েল বুলেটপ্রুপ জ্যাকেট পরা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে বিকালে শহরের তিনমাথা এলাকায় জামায়াত-শিবির সমর্থকরা হাতবোমা বিস্ফোরণ করে এবং একটি বাস ও একটি ট্রাকে আগুন দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টায় জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরের পার্ক রোডের টিটু মিলনায়তনের সামনে মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দুই জামায়াতকর্মীকে আটক করা হয় বলে জানান সদর থানার ওসি শহিদ আলম।

তিনি জানান, আটক দুই জামায়াতকর্মীকে ছিনিয়ে নিতে মাজেদুর রহমান জুয়েল বুলেটপ্রুফ জ্যাকেট পরে একদল শিবিরকর্মী নিয়ে আবারো পুলিশের উপর চড়াও হন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে জুয়েলকে আটক করে।

ওসি বলেন, “জুয়েলের বিরুদ্ধে শহরের প্রজন্ম মঞ্চ ভাংচুর, পুলিশের উপর হামলা, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা আছে। পুলিশ তাকে অনেক দিন ধরেই গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল।”

বিকালে আবার হামলা

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আরো বলেন, বিকাল সাড়ে ৪টায় তিনমাথা এলাকায় জামায়াত-শিবির সমর্থকরা অতর্কিতভাবে ১৫/২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটনায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে।

এছাড়া তারা একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকে আগুন দেয়।

ইটপাটকেলের আঘাতে ট্রাকের চালক ও সহকারীসহ অন্তত ১৫ জন আহত হয় বলে জানান তিনি।