২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে নাসাকা

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (নাসাকা) হাতে আটক তিন পুলিশসহ চার বাংলাদেশি দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম/কক্সবাজার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 10:49 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

টেকনাফে বিজিবি-৪২ এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন এইচ কামরুল ইসলাম জানান, রোববার দুপুরে মিয়ানমারের মংডু শহরে পতাকা বৈঠকের পর ওই চারজনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

পরে তাদের দেশে ফিরিয়ে এনে টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ১৩ মার্চ বেড়াতে গিয়ে ভুলবশত মিয়ানমারে অনুপ্রবেশ করে তিন কনস্টেবল ইমরান, এরফান ও মুজিব এবং স্থানীয় সাইফুল। সেখানে তারা নাসাকা বাহিনীর হাতে আটক হন।

ওই চারজনকে ফিরিয়ে আনতে ক্যাপ্টেন কামরুলের নেতৃত্বে বিজিবির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সকাল ১০টার দিকে টেকনাফ স্থল বন্দর থেকে মিয়ানমারে যায় বলে জানান বিজিবি-৪২ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান।

টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, ফিরিয়ে আনা চারজনকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

চারজনের মধ্যে ইমরান ও এরফান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এবং মুজিব উখিয়া টেলিভিশন কেন্দ্রে কর্মরত ছিলেন।

সাইফুল ফরিদগঞ্জের ডুমুরিয়া গ্রামের মো. মোখলেছের ছেলে। তিনি কুতুপালং ক্যাম্প সংলগ্ন বাজারে দর্জির কাজ করেন।