ম্যাজিকে শেষ রক্ষা হবে না: ফখরুল
সরকার নিজেদের ‘ব্যর্থতা’ আড়াল করতে ‘ম্যাজিক’ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “এসব ম্যাজিকে কোনো কাজ হবে না। জনগণ আজ জেগে উঠেছে। দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।”
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, “আপনারা যতোই ম্যাজিক কিংবা ছলচাতুরি করুন না কেন, জনগণের পারসেপসন হচ্ছে- আপনাদের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই। তাই তামাশা করে ভোল পাল্টিয়ে লাভ হবে না। শেষ রক্ষা আপনারা পাবেন না।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনির্ভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটাব) উদ্যোগে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ আটক বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দাবিতে এই মানববন্ধন হয়। কর্মসূচিতে ঢাকা, রাজশাহী, কুমিল্লা বিশ্ববিদ্যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
সরকার হটানোর চলমান আন্দোলনে শিক্ষক সমাজকে এগিয়ে আসারও আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ সর্বত্র সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে জনগণ জেগে উঠছে।”
গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বিএনপি নেতা ফখরুল বলেন, “দয়া করে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদটি প্রকাশ করুন। চাঁপাইনবাবগঞ্জে গত ২৯ মার্চ গণমানুষ পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। ওই প্রতিরোধকে জামায়াত-শিবিরের তাণ্ডব বলে মিথ্যা সংবাদ পরিবেশন করবেন না।”
সংগঠনের সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক আখতার হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল আজিজ, অধ্যাপক লুৎফর রহমান, ড. আবু হাসনাত, অধ্যাপক ওবায়দুল ইসলাম, প্রকৌশলী হারুনুর রশীদ, ইউটাবের সাধারণ সম্পাদক অধ্যাপক তাহমিনা আখতার প্রমুখ বক্তব্য দেন।
