লুটের অভিযোগে আটক মাদক নিয়ন্ত্রণ দল
মৌলভীবাজারে এক চা বাগানে মদ উদ্ধার করতে গিয়ে টাকা লুটের অভিযোগে শ্রমিকদের হাতে আটক হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের উদ্ধার করে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দুপুরে রাজনগর উপজেলার উদনা চা বাগানে এ ঘটনার শিকার হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার সার্কেলের পরিদর্শক আবু জাফর, সিপাহী মোস্তফা কামাল, সিপাহী রুহুল আমিন, পুলিশ কনস্টেবল হান্নান, দেলোয়ার ও কালাম।
আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন পুলিশসহ ছয়জনকে নিয়ে তিনি বাগানের নুনুয়া পাশির দোকান থেকে চোলাই মদ উদ্ধার করতে যান।
ওই দোকানে পাঁচ লিটার চোলাই মদ পাওয়া যায়। এ সময় তারা ওখানে পাওয়া একটি টাকার ব্যাগ হাতে নিলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
এ অবস্থায় তারা মদ না নিয়েই চলে আসেন। এ সময় শ্রমিকরা তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে বাগান ব্যবস্থাপকের কার্যালয়ে আটক রাখে। তাদের ব্যবহৃত গাড়ি ভাঙচুরও করা হয় বলে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাতির মিয়া বলেন, তিনি ঘটনাস্থলে গেলে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের সদস্যরা তাকে লুট করে নেয়া ১১ হাজার ৩১৭ টাকা ফেরত দেন।
এরপর তিনি শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন।
পরে মৌলভীবাজার পুলিশ লাইন ও রাজনগর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আটক দলটিকে উদ্ধার করে নিয়ে যায়, বলেন চেয়ারম্যান সাতির মিয়া।
দোকানী নুনুয়া পাশির ছেলে অমৃত পাশির দাবি, তল্লাশির নামে পরিদর্শক আবু জাফর দোকান থেকে ৭০ হাজার টাকা নিয়ে যান। ঘটনাটি জেনে শ্রমিকরা পাগলা ঘণ্টা বাজিয়ে জড়ো হয়ে তাদের আটকে রাখে।
রাজনগর থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দল পুলিশকে আগে ‘ইনফরমেশন’ না দিয়ে বাগানে গিয়ে বিপদে পড়েছেন।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ওসি।
