২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালতের স্থগিতাদেশে দুর্নীতিবাজরা উৎসাহিত হয়’

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনায় আদালত স্থগিতাদেশ দিলে তাতে দুর্নীতিবাজরা উৎসাহিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

‘জনতার শক্তি, রুখবে দুর্নীতি’ স্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৩ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে শনিবার তিনি এ কথা বলেন।

গোলাম রহমান বলেন, দুদক দুটি কাজ করে। আর তা হলো- দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা এবং দুর্নীতির বিষয়ে গণসচেতনতা তৈরি করা।

“দুর্নীতি হচ্ছে ক্যান্সারের মতো। ক্যান্সার হলে যেমন কেমোথেরাপি দিতে হয় তেমনি দুর্নীতির বিরুদ্ধে সফল হতে হলে ওই কেমো হচ্ছে দুর্নীতিবাজদের শাস্তির বিধান করা।”

তবে দুর্নীতিবাজদের শাস্তি বিধানে দুর্নীতি দমন কমিশন উদ্যোগ নিলেও এটা দুদকের ওপর পুরোপুরি নির্ভর করে না উল্লেখ করে তিনি বলেন, “এটা নির্ভর করে আদালতের ওপর। দুর্নীতিবাজদের শাস্তিবিধানে আদালত যত বেশি সক্রিয় ভূমিকা পালন করবে শাস্তিপ্রদানের কেমোথেরাপি ততো বেশি কার্যকর হবে।”

তিনি বলেন, “দুর্নীতিবাজদের জন্য জামিন নয়- আজ এ স্লোগান উঠেছে। তাই মামলা পরিচালনা ও তদন্তে আদালত স্থগিতাদেশ দিবে না-এটাই আমাদের অনুরোধ। কারণ আদালত থেকে মামলা ও তদন্তে স্থগিতাদেশ পেলে দুর্নীতিবাজরা উৎসাহিত হয়।”

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের দ্বিতীয় কাজ হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা।

“আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না-এই বার্তা আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

সাধারণ মানুষ সোচ্চার হলে শাসকরা দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখবে রাখবে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, “বেসরকারি খাতে সরকারি খাতের চেয়েও বেশি দুর্নীতি হয়। ডেসটিনি, হল-মার্ক, ইউনি-পে-টু-ইউ ঘটনাই এর বড় প্রমাণ। তবে দুর্নীতিবাজরা যতো শক্তিশালীই হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তি বিধান করা হবে।”

মানবন্ধনের আগে সকাল সোয়া ১০টার দিকে দুদক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মৎস্যভবনের পাশ দিয়ে কাকরাইল-বিজয়নগর-পল্টন-প্রেসক্লাব হয়ে জাতীয় ঈদগাহের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনের পর শোভাযাত্রাসহ দুদকে গিয়ে কর্মসূচি শেষ হয়।

প্রতিবছর ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়। এ বছর সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই শোভাযাত্রা ও মানবন্ধনের আয়োজন করা হয়।