মানিকগঞ্জে অজ্ঞাত রোগে চারজনের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন উলাইল ইউনিয়নের মুক্তানগর গ্রামের আক্কাছ আলী (৪৫), তার স্ত্রী সাজেদা বেগম (৩৫), শাশুড়ি শরফজান বেগম (৬০) ও প্রতিবেশী বাদল হোসেন (৩২)।
উপজেলার মুক্তানগর গ্রামে গত ১৫ দিনে এদের মৃত্যু হয় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।
সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার প্রাথমিকভাবে এটি ভাইরাল অ্যামকাপালোপ্যানি অথবা ম্যানিনজাইটিস বলে ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করতে পারেননি।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ হালিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ মার্চ প্রথমে আক্কাস আলী আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন।
জ্বর ও বমি নিয়ে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মার্চ তিনি মারা যান।
গত মঙ্গলবার আক্কাসের শাশুড়ি ও শুক্রবার স্ত্রী সাজেদা বেগম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
এছাড়া আক্কাসের প্রতিবেশী বাদল একই রোগে আক্রান্ত হয়ে গত বুধবার ঢাকার একই হাসপাতালে মারা যান বলে জানান এই চিকিৎসক।
স্বাস্থ্য কর্মকর্তা হালিম মোল্লা আরো জানান, এদের প্রত্যেকেই প্রথমে জ্বরে আক্রান্ত হন। সঙ্গে বমিও ছিল।
তবে কী রোগে আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে তা এ মূহুর্তে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
এ ঘটনার পর শুক্রবার রাতে মানিকগঞ্জের সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদারের নেতৃত্বে একটি চিকিৎসক দল মুক্তানগর গ্রামে আক্কাসের বাড়ি পরিদর্শনে যান।
সিদ্ধেশ্বর মজুমদার বলেন, এরা ভাইরাল অ্যামকাপালোপ্যানি অথবা ম্যানিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গ্রামটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর রোগের নাম এবং মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও জানান সিভিল সার্জন।
