২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমডাঙ্গায় স্ত্রীকে ‘হত্যা’ করেছে স্বামী

পারিবারিক কহলের জের ধরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শুক্রবার রাত সাড়ে ১১টায় পোলতাডাঙ্গা গ্রামের বাবার বাড়ি থেকে হাসিনা খাতুনের (৩০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের কাজী আয়েত আলীর মেয়ে।

ঘটনার পর থেকে তার স্বামী জহুরুল ইসলাম (৩৬) পলাতক বলে জানান আলমডাঙ্গা থানার এএসআই  আলাউল ইসলাম। জহুর একই উপজেলার নাগদাহ গ্রামের প্রয়াত মুলুক চাঁনের ছেলে।

হাসিনার পরিবারের দাবি জহুরুল দুই সন্তানের জননী হাসিনাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে ভেতর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।

পরিবারের বরাত দিয়ে এএসআই  আলাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ বছর আগে হাসিনার সঙ্গে জহুরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকছিলেন।

কিছুদিন ধরে জহুরুলের সঙ্গে অন্য এক নারীর অনুচিত সম্পর্ক গড়ে উঠলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়।

রাতেই পুলিশ বাদী হয়ে জহুরুলসহ অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

ময়নাতদন্তের জন্য শনিবার সকালে হাসিনার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।