২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: ফখরুল

সারাদেশে ‘গণহত্যা’ চালিয়ে সরকার জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 09:58 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

Image
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, চলতি মার্চ মাসেই সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ১৭০ জনকে হত্যা করেছে।

“এর মাধ্যমেই প্রমাণ হয়, সরকার কার্যত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে”, বলেন তিনি।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৮ দলীয় জোটের বৈঠকের পর সরকারের এই ‘নির্যাতনের বিরুদ্ধে’ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের এ বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে এক চরম অস্থিরতা বিরাজ করছে। সরকার পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। সারাদেশে তারা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে।”

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আসামি ধরা কথা বলে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রামে গিয়ে সাধারণ মানুষে ওপর গুলি চালাচ্ছে। সাধারণ মানুষ এসব গণহত্যার বিরুদ্ধে নেমে এলে সরকার একে জামায়াত-শিবিরের তাণ্ডব বলে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, “আমি সরকারকে বলতে চাই, এদেশের সাহসী ও বীর জনতা এখনও আপনাদের মতো স্বৈরশাসকের হত্যাকাণ্ডের ভয়ে ভীত নয়। আওয়ামী দুঃশাসনের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে এদেশের জনগণ জীবনের শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত।”

এ সরকারের পতন ঘটিয়ে ‘অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে’ দেশবাসী এখন ঐক্যবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।