খুলশীতে তদন্ত করতে গিয়ে পুলিশ লাঞ্ছিত
জমি সংক্রান্ত সমস্যার তদন্ত করতে গিয়ে চট্টগ্রামের খুলশী এলাকায় পুলিশ সদস্যরা লাঞ্ছিত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলশী থানার ঢেবার পাড় এলাকায় থানার পরিদর্শক (তদন্ত) প্রভাত চন্দ্র ধর ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উপর চড়াও হয় স্থানীয় লোকজন।
পরে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে পুলিশ ফিরে আসে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) মির্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকায় জায়গা-জমি নিয়ে একটি সমস্যার সমাধান করতে যায় পুলিশ। সম্যসা সমাধান করতে একটি সভায় গেলে স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে আসে।”
অবশ্য এই পুলিশ কর্মকর্তা পুলিশের ওপর হামলার বিষয়টি সরাসরি স্বীকার করেন নি।
খুলশী থানার ওসি আবদুল লতিফ একটি মামলার তদন্তের কাজে যাওয়া পুলিশ সদস্যদের উপর স্থানীয় লোকজনের চড়াও হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
