মোহাম্মদ উল্লাহ হত্যা: বাদিকে হুমকির অভিযোগ
কদমতলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পেয়েই প্রধান আসামি বাদিপক্ষকে উপর্যুপরি হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার ঢাকার আদালতপাড়ার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মামলার বাদি মোহাম্মদউল্লাহর স্ত্রী কোহিনূর বেগম।
এই মামলার প্রধান আসামি রায়হান খোকনের বিরুদ্ধে বুধবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
হাই কোর্টের নির্দেশ অমান্য করে গত সোমবার আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়।
গত ১৪ মার্চ রায়হান খোকনের জামিন স্থগিত করে হাইকোর্ট তাকে ২৫ মার্চের মধ্যে বিচারিক আদালত ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।
এক প্রশ্নের জবাবে রায়হান খোকনের আইনজীবী শরফুদ্দিন আহমেদ খান মুকুল জানান, তিনি রায়হান খোকনকে নিয়মিত বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন। কিন্তু অজ্ঞাত কারণে তার মক্কেল আদালতে হাজির হননি। তবে বাদিকে হুমকি দেয়ার অভিযোগের বিষয়ে তিনি কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর জুরাইনে খুন হন মোহাম্মদ উল্লাহ ও তার গাড়ি চালক মো. হারুনুর রশিদ।
এ ঘটনায় পরের দিন কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে সে বছরের ৩১ অক্টোবর রায়হান খোকনকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
ইতোপূর্বে আসামি রায়হান খোকনের বিরুদ্ধে হাই কোর্টে ‘নথি গায়েব’ এবং ‘তথ্য গোপন করে জামিনের আবদন’ করারও অভিযোগ উঠেছিল।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, এ পর্যন্ত এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য নেয়ার দিন ধার্য রয়েছে আগামী ৩১ মার্চ।
এ মামলায় অপর আসামিরা হলেন, জাকির হোসেন (কারাগারে), শরীফুল ইসলাম(জামিনে গিয়ে পলাতক), আরিফ হোসেন (কারাগারে), জাভেদ প্রিন্স (কারাগারে), মো. জুম্মন(কারাগারে), শাহ আলম প্রধান(কারাগারে), শফিকুল আলম সুমন(কারাগারে)।
শুরু থেকেই পলাতক আছেন কালা আমির, মো. ইমন, মো. মিলন, হীরা।
