২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতালে টর্নেডোর ত্রাণ কার্যক্রম ব্যাহত'

হরতালের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 01:25 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় তিনি বলেন, হরতালের কারণে ঢাকাসহ সারাদেশ থেকে ত্রাণ সামগ্রী সময়মত ব্রাহ্মণবাড়িয়া পৌঁছতে পারেনি। তাই টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

গত ২২ মার্চ বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডোর আঘাতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়। আহত হন তিন শতাধিক।

এর পরপরই উপদ্রুত এলাকায় সরকার জরুরি পুনর্বাসন এবং চিকিৎসা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে বলেও জানান মন্ত্রী।

সকালে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদরের উড়শিউড়া, চিনাইর, জারুইলতলাসহ উপদ্রুত কয়েকটি এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

জারুইলতলায় জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ ক্যাম্পে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পরে মাছিহাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত জনতার উদ্দেশে সরকারের ত্রাণ কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তত্ত্বাবধানে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্য, গণপ্রতিনিধি এবং জেলা প্রশাসন দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে।

আহতদের জরুরি চিকিৎসায় সদর হাসপাতালের পাশাপাশি অস্থায়ী মেডিকেল ক্যাম্প কাজ করছে।

চিকিৎসক অপ্রতুলতা কমাতে ঢাকা, কুমিল্লা, নরসিংদী ও কিশোরগঞ্জ থেকে চিকিৎসক দল পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিকালে মন্ত্রী ব্রাহ্মণাবাড়িয়া সদর হাসপাতালে টর্নেডোয় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপারিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।