কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোরী আহত
ফেনী শহরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক কিশোরী আহত হয়েছে।
শুক্রবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মোসাম্মত বিলকিসকে (১৩) চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশ কোয়ার্টার এলাকায় বিলকিস কাগজ কুড়াতে গিয়ে একটি লাল টেপ মোড়ানো কৌটা দেখতে পায়। কৌটাটি হাতে নিয়ে টেপ খোলার এক পর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে বিলকিসের মুখ, ডান হাতের কবজি, দুই পায়ের পাতাসহ বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
দুপুরের দিকে অবস্থার অবনতি হলে বিলকিসকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন।
বিলকিস গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নিজুম খাঁ গ্রামের নুরুজ্জমানের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে ফেনী শহরের উত্তর সহদেব পুরে বসবাস করছে।
