২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্ত্রীকে ‘হত্যা’, স্বামী গ্রেপ্তার

ক্ষুদ্র ‍ঋণের টাকা পরিশোধ নিয়ে পারিবারিক কলহের জেরে পাবনায় এক দিনমজুরের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযাগ উঠেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

চাটমোহর উপজেলার কড়িয়াল গ্রামে শুক্রবার সকালে মারা যান গৃহবধূ রোকেয়া খাতুন (৩৬)।

এ ঘটনার পর পুলিশ রোকেয়ার স্বামী আব্দুল কুদ্দুসকে (৪২) গ্রেপ্তার করেছে।

কুদ্দুসের বরাত দিয়ে চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, কিছুদিন আগে রোকেয়ার নামে বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন আব্দুল কুদ্দুস।

কিন্তু আর্থিক টানাটানির কারণে কুদ্দুস ঋনের টাকা কিছুতেই শোধ করতে পারছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল বেশ কিছুদিন ধরে।

এর জেরে সকালে কুদ্দুস স্ত্রী রোকেয়া খাতুনকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেন।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং কুদ্দুসকে আটক করে।

কুদ্দুস পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান ওসি হাবিবুল ইসলাম।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে।