২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে ‘অফেন্সিভ’; টুকু

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারীদের যে কোনো আক্রমণের জবাব এখন থেকে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসে ডিফেন্সিভ ভূমিকায় ছিল, এখনো আছে। তারা অফেন্সিভ হয়ে গেছে। রাস্তাঘাটে ব্যরিকেড, রেললাইন উপড়ে ফেলা ও আগুন ধরিয়ে দিচ্ছে।

“এখন আমাদেরও অফেন্সিভ খেলার প্রয়োজন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে অফেন্সিভ খেলার কোনো বিকল্প নেই।”

যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তাণ্ডবের প্রেক্ষাপটে বৃহস্পতিবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। 

ঢাকেশ্বরী মন্দিরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা এই মতবিনিময় সভায় অংশ নেন। সভায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং মন্দিরে হামলা, ধ্বংসের তথ্য তুলে ধরা হয়।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা হামলা প্রতিরোধে প্রশাসনিক দুর্বলতার কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারের ভবিষ্যত কর্মপন্থা জানতে চান তারা।

১৪ দলের প্রতিনিধি দলের সঙ্গে থাকা প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার বানচালে সব ধরনের ষড়যন্ত্র রুখতে জোটের নেতাকর্মীদের রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানান।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরের পরাজিত শক্তিকে আবার রূখতে লড়াই চলছে, চলবে; জয় সুনিশ্চিত।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “সুবিধা মতো সময়ে কিছু ব্যক্তি নিরপেক্ষ সেজে যাচ্ছে। কিন্তু যারা স্বাধীনতাবিরোধী, যারা পতাকা পোড়ায়, শহীদ মিনার ভাঙে, তাদের প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই।”

বিরোধীদলীয় নেতার সমালোচনা করে নাসিম বলেন, “তিনি মন্দির ভাঙার হুকুম দিয়ে আবার মন্দির ভাঙার নিন্দা জানান।”

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে সবার সহযোগিতা চান তিনি।

সভায় জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে।

নাসিম সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, “আপনাদের সঙ্গে আমরা আছি, থাকব; যে কোনো ধরনের প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন।”

সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেভাবে হামলা হয়েছে, তা একাত্তরের পুনরাবৃত্তি। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরুর পর স্বাধীনতা বিরোধী চক্র নতুন করে তাণ্ডব শুরু করেছে।”

সাম্প্রদায়িক বিভাজন তৈরির অপচেষ্টা রুখে দিতে জনগণকে সম্পৃক্ত করতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান তিনি।

চলমান সহিংসতার রোধে পরিস্থিতি যথাসময়ে উপলব্ধি করতে না পারা ও প্রশাসনিক ঘাটতির কথা তুলে ধরেন মহাজোটের এই নেতা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যেসব এলাকায় আওয়ামী লীগের অবস্থান কিছুটা দুর্বল, সেসব এলাকায় বিরোধী চক্র হামলা-নৈরাজ্যের ঘটনা ঘটিয়েছে।”

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের আকবর হান্নান, ন্যাপের ইসমাইল হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণ আজাদী লীগের আবদুস সামাদ অংশ নেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, প্রিয়া সাহা, সাবিত্রী ভট্টাচার্য প্রমুখ।