ছুটির দিনে সচল থাকবে বেনাপোল বন্দর
হরতালের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বেনাপোল বন্দরে।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে বন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার আকবর হোসেন।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা এসেছে। শুক্রবার শুধু আমদানি-রপ্তানি হবে। শনিবার আমদানি-রপ্তানিসহ কাস্টমস হাউজ ও বন্দরের কাজকর্ম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।
এ সময় আমদানিকারকরা শুল্ক পরিশোধ করে পণ্য বন্দর থেকে খালাশ নিতে পারবেন বলেও জানান এই শুল্ক কর্মকর্তা।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল, দোল পূর্ণিমার কারণে কয়েকদিন কাজ বন্ধ থাকায় যে পণ্যজট সৃষ্টি হয়েছে তা কমিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
পণ্যজট কমাতে দুই হাজার হ্যান্ডেলিং শ্রমিক ছুটির দিনেও সকাল থেকে কর্মব্যস্ত থাকবেন বলে জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার।
