কোন্দলের বলি শত বিঘা জমির ধান
বিরোধকে কেন্দ্র করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ছিটিয়ে শতবিঘা জমির বোরো ধান নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত আট পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোহাম্মদ রওশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগের পর প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
“সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পরই আমরা জানাতে পারব, আসলে কী ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে।”
পার্বতীপুর মডেল থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় অভিযোগ করার পর বিষয়টি কৃষি বিভাগকে জানানো হয়।
ক্ষতিগ্রস্ত জমির মালিক মিজানুর রহমান ও লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সঙ্গে একই গ্রামের শমসের আলী, এনামুল হক, দেলোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ আছে। এর জের ধরে বুধবার দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন লাঠি-সোঁটা নিয়ে প্রায় অর্ধশত স্প্রে মেশিন দিয়ে পাঁচটি মৌজার ১১১ বিঘা জমির বোরো ধানে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে চলে যায়।
এর ঘণ্টাখানেক পরেই গ্রামের মিজানুরের ১৪ বিঘা, রফিকুল ইসলামের ১৬ বিঘা, আলতাব হোসেনের ১৫ বিঘা, মমতাজ আলীর ১৪ বিঘা, খায়রুল ইসলামের ৫ বিঘা, লোকমানের ১৮ বিঘা, আনোয়ার হোসেনের ১৪ বিঘা ও আনছার আলীর ১৫ বিঘা জমির ধান গাছ ঝলসে খড় হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা।
