চট্টগ্রামে বিএনপি মিছিলে লাঠিপেটার অভিযোগ
চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
এ সময় পুলিশের লাঠিপেটায় ১০ থেকে ১২ বিএনপিকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন বন্দর থানা বিএনপি সভাপতি এম এ আজিজ।
তিনি অভিযোগ করেন, মিছিল নিয়ে ইপিজেড এলাকায় নগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদের পথ সভায় যোগ দিতে যাওয়ার সময় পুলিশ লাঠিপেটা করে।
এ সময় পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এনাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় রবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।
এদিকে সকাল থেকে বন্দর নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে গণ পরিবহনের সংখ্যাও বাড়তে থাকে।
নগরী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
