কুষ্টিয়ায় ‘প্রেমিকের’ গুলিতে বিউটিশিয়ান খুন
কুষ্টিয়া শহরের কালিশংকরপুরে নিজ বাড়িতে কথিত প্রেমিকের গুলিতে খুন হয়েছেন এক বিউটিশিয়ান।
নিহতের নাম শাহজাদী ফারজানা ববি (৩৫)। তিনি শহরের কালিশংকপুর এলাকার তনু বাবুর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী নিহতের দুই মেয়ে রুপন্তী ও রোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, জানান, শাহজাদী বুধবার সন্ধ্যায় তার ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’ নামের বিউটি পার্লারে কাজ করছিলেন। ওই সময় কুষ্টিয়া শহরের রেইনউইক মোড়ের মিজানুর রহমানের ছেলে লিখন (২৮) ও তার স্ত্রী মোটর সাইকেলযোগে এসে বিউটি পার্লারে ঢুকে।
কথিত প্রেমিক লিখন শাহজাদীকে পেছন থেকে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়।
মারাত্মক আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে শাহজাদীর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. নবকুমার।
কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, কথিত প্রেমিক লিখনের বাবা মিজানুর রহমান ও তার এক ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
