২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা গ্রামে এক স্কুলছাত্রীকে (১৪) মঙ্গলবার দুই যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

এ ঘটনায় ধর্ষিতার নানী বাদী হয়ে বুধবার সন্ধায় শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ ও ধর্ষিতার সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী পৌর এলাকার একটি গ্রামে তার নানীর বাড়ীতে থেকে পড়াশুনা করতো। স্কুলে আসা-যাওয়ার সময় প্রতিনিয়ত বহেরারচাল এলাকার রুহুল আমিনের বখাটে ছেলে মো. তারেক (২০) ও তার বন্ধু একই এলাকার রাজীকুল ইসলাম (২২) তাকে উত্ত্যক্ত করতো।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিকেল ৪ টার দিকে ওই দুই বখাটে যুবক মোটর সাইকেল নিয়ে স্কুল ছাত্রীর গতিরোধ করে।

পরে তার চোখে-মুখে ওড়না পেঁচিয়ে মাথায় হেলমেট পরিয়ে জোর করে মোটর সাইকেলে তুলে পার্শ্ববর্তী রাথুরা এলাকার একটি জঙ্গলে নিয়ে যায়। পরে দুই যুবক ধারালো অস্ত্রের মুখে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি সংজ্ঞাহীন হয়ে পড়ে।

অবস্থা বেগতিক দেখে ধর্ষকরা সন্ধ্যার দিকে স্কুলছাত্রীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা অচেতন অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার রাতে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।