২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিম শান্তির তত্ত্বাবধানে তোলা হবে রাহার লাশ

ময়না তদন্তের জন্য লাক্স তারকা সুমাইয়া আজগার রাহার লাশ কবর থেকে তোলার দায়িত্ব পেয়েছেন ঢাকার নির্বাহী হাকিম শামীমা আক্তার শান্তি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের আবেদনে বুধবার ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল ফজল মীর ওই নির্বাহী হাকিমকে এই দায়িত্ব দেন। 

তবে ওই নির্বাহী হাকিম লাশ তোলার জন্য কখন আজিমপুর কবরস্থানে যাবেন, তা জানা যায়নি।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন রাহার মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথি পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম জয়নাব বেগম।

আবেদনে বলা হয়, গত ২২ মার্চ দিবাগত রাতে রাহা তার মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে মারা যান। কিন্তু রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি না জানিয়েই আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করেন।

রোববার রাতে রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

মামলায় বলা হয়, শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামের দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন রাহা। এসময় মাকে নিজের শরীর খারাপের কথা জানালে তার মা তাকে লেবুর সরবত করে দেন। এরপর তার কিছুটা ভালো লাগছে বলে রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন তিনি।

সকালে তার ঘুম ভাঙানোর জন্য ডাকতে গেলে অনেকক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন, রাহার দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

পুরনো খবর:

লাক্স তারকা রাহার লাশ উত্তোলনের জন্য আবেদন