২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের বিরুদ্ধে আরো মামলা হবে: দুদক

অর্থ কারসাজির ঘটনায় হল-মার্ক গ্রুপ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বিরুদ্ধে শতাধিক মামলা করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, “সোনালী ব্যাংক থেকে ৩৫শ’ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় হল-মার্ক গ্রুপ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বিরুদ্ধে শতাধিক মামলা হবে।”

‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড ২০১২’ প্রদান উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১১ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার সহযোগিতায় ব্যাংকের একাধিক শাখা থেকে ৩৫০০ কোটি টাকা সরিয়েছে হল-মার্ক গ্রুপসহ প্যারাগন গ্রুপ, নকশি নিট কম্পোজিট, খান জাহান আলী স্যুয়েটার্স, ডি এন স্পোর্টস এবং টি অ্যান্ড ব্রাদার্স। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই সরিয়েছে ২৬০০ কোটি টাকা।

এই ঘটনার দুদকের তদন্তটিমের প্রধান দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ইতমধ্যে হলমার্ক গ্রুপসহ ওই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা হয়েছে।

তিনি আরো জানান, হল-মার্ক সহ ৫টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা সহ একাধিক শাখা থেকে সরাসরি জালিয়াতি করেছে প্রায় ১৫ শ কোটি টাকা। বাদবাকি ১০০০ কোটি টাকা সোনালী ব্যাংকের রেফারেন্স দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে তোলা হয়।

“সরাসরি অর্থ জালিয়াতির তদন্ত শেষ হয়েছে। সোনালী ব্যাংকের রেফারেন্স দেখিয়ে যে সব ব্যাংক থেকে তারা অর্থ তুলেছিল, সেই তদন্তও অল্প কিছু দিনের মধ্যেই শেষ হবে।”

চেয়ারম্যান গোলাম রহমান বলেন, “২০১২ সালে সংগঠিত দুর্নীতির মধ্যে হল-মার্ক এবং ডেসটিনির দুর্নীতি আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ঘটনা। হল-মার্ক ও ডেসটিনির বিরুদ্ধে কিছুদিনের মধ্যেই আমরা অভিযোগপত্র দিতে সমর্থ হব।”

হল-মার্কের পাশাপাশি ডেসটিনির বিরুদ্ধেও বেশ কিছু মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান দুদক চেয়ারম্যান।

আইনগত সীমাবদ্ধতায় হতাশা

দুর্নীতি দমন বিষয়ে দুদকের আইনগত সীমাবদ্ধতা এবং সীমিত লোকবলে হতাশা প্রকাশ করেছেন গোলাম রহামান।

দুদক চেয়ারম্যান বলেন,“দুর্নীতি একটি ব্যাপক বিষয়। কিন্তু দুদক কাজ করে কিছু সীমিত বিষয় নিয়ে যা দুদক আইন ২০০৪ এর অধিভুক্ত। এর বাইরের দুর্নীতি বিষয়ে দুদকের কিছু করার থাকে না।”

“শুধু সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তারাই দুর্নীতির সাথে যুক্ত এমন ভাবার কোন কারণ নেই। বেসরকারি খাতেও প্রচুর দুর্নীতির উদাহারন রয়েছে। গত বছর সবচেয়ে আলোচিত দুর্নীতির যে দুটি ঘটনা- হলমার্ক এবং ডেস্টিনি এই দুটোরই মূল নায়ক বেসরকারি ব্যাক্তিবর্গ।”

আইনগত সীমাবদ্ধতার কারণে সব দুর্নীতির অভিযোগ দুদক আমলে নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি সংসদ অধিবেশনে দুদক আইন সংশোধনের দাবি গোলাম রহমান।

লোকবলের প্রসঙ্গে দুদক চেয়ারম্যান জানান, গত বছর দুদক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খাতে দুর্নীতি সংক্রান্ত ৭৮৬টি অনুসন্ধানী প্রতিবেদন সংগ্রহ করেছিল। কিন্তু সীমিত লোকবলের কারণে মাত্র ৪০টি অভিযোগ আমলে নেয়া সম্ভব হয়েছে।

মিডিয়া অ্যাওয়ার্ড

গত ২০১২ সালে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দুদক ঘোষিত মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচ জন।

তারা হলেন- মঞ্জুর আহমেদ (প্রথম আলো), মিজান মালিক (যুগান্তর), আদিত্য আরাফাত (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), বায়জীদ আহমেদ (আরটিভি) এবং নাজনীন আখতার (চ্যানেল ’৭১)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রধান সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক সমকালের প্রধান সম্পাদক গোলাম সারোয়ার, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও নিবাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েদ ফেরদৌস প্রমুখ।