বগুড়ায় বিএনপির সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর বগুড়ার গাবতলী পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার রাত ৮টার দিকে গাবতলী উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম হেলালের পক্ষের স্বেচ্ছাসেবক দলকর্মী আমিনুর রহমান (৩০) ছুরিকাহত হন।
এ ঘটনার জন্য গাবতলী পৌর মেয়র ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টনের সমর্থকদের দায়ী করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
এর পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে গাবতলী পৌর এলাকায় মঙ্গলবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়ে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা সুলতানা।
গাবতলী থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
গত রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া হয়ে জয়পুরহাট যান।বগুড়ায় খালেদা জিয়ার সমাবেশস্থলের মঞ্চের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ দুপক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়।
