খাগড়াছড়িতে পুড়ল প্রাথমিক বিদ্যালয়
আগুন লেগে খাগড়াছড়ির রামগড় উপজেলা সদরের রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে।
রামগড় দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা হাবিবুল্লা বাহার সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।
আগুনে স্কুলের ছয়টি শ্রেণিকক্ষ ও একটি স্টোর রুমসহ স্কুলের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্কুলের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকার কাছাকাছি হবে বলে ধারণা করছেন দমকল কর্মকর্তা।
দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনশ জন।
