২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারই যানবাহনে আগুন দিচ্ছে: বিএনপি

হরতাল ঘিরে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের জন্য সরকারকে দায়ী করে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের ‘কবর’ রচনা করতেই সরকার বিভিন্ন স্থানে ‘পরিকল্পিত নাশকতা’ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 06:08 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

বুধবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন,  “সারাদেশে সর্বাত্মক হরতাল চলছে। পুলিশ ও ক্ষমতাসীনরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে বলে খবর এসেছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তারা (সরকার) এসব করছে।”

যানবাহনে আগুন লাগানো সস্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “যানবাহনে আগুন লাগানো-এটি সরকারের পুরনো কৌশল। তারাই এসব ঘটনা ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।”

বুধবার থেকে শুরু হওয়া বিরোধীদলের হরতালের আগের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়িতে আগুন দেয়া হয়। এর আগে গত ১৮ ও ১৯ মার্চ বিরোধীদলের হরতালে রাজধানীতে অন্তত ২০টি গাড়ি পোড়ানো হয়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধের দাবিতে বিরোধীদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী গত নভেম্বর থেকেই সারা দেশে সহিংস কর্মকাণ্ড শুরু করে। তাদের কর্মসূচি থেকে ব্যাপকভাবে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জামায়াতের একক ও তাদের জোটের কর্মসূচিকে ঘিরে নভেম্বর থেকে গত ১৯ মার্চ পর্যন্ত সারা দেশে প্রায় ৪০০ যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে গণমাধ্যমে খবর এসেছে। ভাংচুর করা হয় প্রায় তিন হাজার গাড়ি।

নিরাপদ বাহন হিসেবে পরিচিত ট্রেনও নাশকতার তালিকা থেকে বাদ যায়নি। এই সময়ে রেলের ওপর ৯২টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলার পাশাপাশি তাদের যানবাহনও পোড়ানো হয়েছে। পোড়ানো হয়েছে ফায়ার ব্রিগেডের গাড়িও।

অাগের হরতালগুলোর মতো বুধবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনি বসানো হয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের কলাপসিবল গেইট বন্ধ রাখা হয়েছে।

এরই মধ্যে যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিসহ কয়েকজন সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ের নিচে আসেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন অভিযোগ করেন, তাদের কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে ঢুকতে দেয়া হচ্ছে না। কার্যালয়ের পাশ দিয়ে কেউ হেটে গেলে তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এর আগে ভোর ৬টার দিকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে আসেন। তৃতীয় তলায় নিজের চেম্বারেই অবস্থান করছেন তিনি।

পুলিশ ও গোয়েন্দা সদস্য ছাড়াও নয়া পল্টনে কার্যালয়ের কাছাকাছি স্থানেই র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। জলকামান ও প্রিজন ভ্যানও রয়েছে সেখানে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সহিংসতা সৃষ্টি করে সরকার গণতন্ত্রের চিতায় আগুন জালাচ্ছে। আমরা ১৮ দলীয় জোট সরকারের গণহত্যা ও গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল করছি। গুলি কিংবা গ্রেপ্তার করে এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।”

‘নির্দলীয় সরকারের’ দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”

সর্বশেষ অবস্থা নিয়ে বিকালে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।

গত ১১ মার্চ বিএনপি কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বুধবার সকাল থেকে দ্বিতীয় দফায় টানা ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।