চট্টগ্রামের চার সাংবাদিকের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চট্টগ্রামের চার মুক্তিযোদ্ধা-সাংবাদিক শোনালেন তাদের যুদ্ধদিনের কথা।
তারা হলেন- দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটো সাংবাদিক মনজুরুল আলম মঞ্জু, সাংবাদিক ও ছাড়াকার নুর মোহাম্মদ রফিক, মঈনুদ্দিন কাদেরী শওকত ও দেবপ্রসাদ দাশ দেবু।
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব এ স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গণের স্মৃতিচারণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মুক্তিযুদ্ধের সময় নবম শ্রেণীর ছাত্র মনজুরুল আলম মঞ্জু ভারত থেকে গেরিলা প্রশিক্ষণ নিয়ে এসে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে বেশ কয়েকটি সফল অভিযানের বর্ণনা দেন।
একাত্তরে ২৭ বছরের যুবক নুর মোহাম্মদ রফিক চট্টগ্রাম মহানগরীতে ইপিআর ক্যাম্প আক্রমণ করতে গিয়ে হামলার শিকার হন এবং পায়ে গুলি লাগে।
অপর দুই সাংবাদিকও তাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের কলম আর ডায়রি উপহার দেয়া হয়।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম প্রমুখ।
স্মৃতিচারণ শেষে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের শিল্পীরা।
