‘তোমরাই হবে আগামীর কর্ণধার’
ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুত হতে শিশু-কিশোরদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা দিবসে উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সমাবেশে শেখ হাসিনা দেশের ভবিষ্যত প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “আমরা তো বুড়ো হয়ে গেছি। তোমাদেরকেই আগামীতে দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে তোমরাই হবে সোনার ছেলে-মেয়ে। তোমরাই হবে আমার মতো প্রধানমন্ত্রী, দেশের কর্ণধার। তোমরা নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তুলবে।”
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই শিশু কিশোর সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর, তিনি বেলুন এবং স্বাধীনতা দিবসের ৪২তম বার্ষিকী উপলক্ষে ৪২ জোড়া পায়রা আকাশে উড়ান।
দেশের প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করা সরকারের লক্ষ্য হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি যুগোপযোগী ‘জাতীয় শিশুনীতি’ প্রণয়ন করা হয়েছে। শিশুদের লেখাপড়ার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে। প্রায় শতভাগ শিশু স্কুলে যাচ্ছে।
এক লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
“আমরা প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের শিক্ষার সুযোগ বাড়িয়েছি। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।”
সকলকে সংবিধান সমুন্নত রাখার আহবান জানিয়ে বলেন, “বিজয়ী জাতি হিসাবে আমরা গর্বিত। জাতির পিতা আমাদের যে সংবিধান দিয়ে গেছেন- তা সমুন্নত রাখতে হবে। সংবিধান মেনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
“আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। আমরা সমুদ্র জয় করেছি। এভারেষ্ট জয় করেছি। আমরা বিশ্বসভায় বাংলাদেশকে সম্মানের আসনে তুলে ধরেছি”, যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বিভিণ্ন প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কুচকাওয়াজ উপভোগ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
