আলোক উদ্ভাসে স্মরণ সেই কালরাত্রিকে
একাত্তরে বাঙালির জীবনে নেমে আসা সেই কালরাতকে আলোর মিছিলে স্মরণ করেছে যুদ্ধাপরাধের বিচার দাবিতে রাজপথে নেমে আসা এই প্রজন্ম।
সোমবার রাতের এই কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে শামিল হন স্বাধীনতা সংগ্রামে পাশে দাঁড়ানো বিদেশি বন্ধুরাও।
বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যায় নামে পাকিস্তানি সেনাবাহিনী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বাঙালির পাশে দাঁড়ানো বিদেশি বন্ধুদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“পাকিস্তানি সেনাবাহিনীর যে আক্রমণ, তা ছিল পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করতে হবে।”
একাত্তরে বাঙালির পাশে দাঁড়িয়ে দেশে গঞ্ছনা সহ্য করা নাসিম আখতার উর্দুতে দেয়া বক্তব্যে বলেন, “একাত্তরে বাংলাদেশ ঘুরে আমি দেখেছি, কীভাবে বাঙালি হত্যা করা হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে।
“পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের দরদ ছিল না। জুলুমের বিরুদ্ধে বাঙালিদের বিজয় হয়েছে।”
২৫ মার্চ বাঙালির কণ্ঠকে রুদ্ধ করতে পাকিস্তানি বাহিনী চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে, নয় মাসের সশস্ত্র সংগ্রামে ছিনিয়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল বাহান্নোর উত্তরসূরিরা।
আর একাত্তরের তরুণদের উত্তরসূরিরাই আজ ৪২ বছর পর রাজপথে ওই সময়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে।
গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে এই প্রজন্মের তরুণদের যে সংগ্রামের শুরু, নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই আন্দোলন পড়ল ৫০ দিনে।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতকে নিষিদ্ধের দাবিতে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশের আগে কালরাতকে স্মরণ করল শাহবাগের গণজাগরণ মঞ্চ।
সোমবার রাত ১১টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হয় মোমবাতি হাতে মিছিল, যা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে রাত সাড়ে ১১টায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর জ্বালানো হয় মশাল। কালরাত্রির ৪২তম বার্ষিকী উপলক্ষে জ্বালানো হয় ৪২টি মশাল।
শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী প্রথম মশালটি জ্বালিয়ে তুলে দেন প্রজন্ম চত্বরের মুখপাত্র এবং ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারের হাতে।
নতুন প্রজন্মের এই প্রতিনিধি তা ছড়িয়ে দেন ৪২টি মশালে। আলোক প্রজ্বালনের সময় উদীচীর শিল্পীরা গেয়ে উঠেন- ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে’ আর ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’।
মশালগুলোর ধারকদের মধ্যে ছিলেন- মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্বাধীন বাংলা বেতারের অন্যতম সংগঠক কামাল লোহানী, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবিব, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শমী কায়সার, মেঘনা গুহ ঠাকুরতা।
তাদের সঙ্গে ছিলেন বাঙালির মুক্তি সংগ্রামে পাশে দাঁড়ানো দুই বন্ধু ভারতের জেনারেল শংকর রায় চৌধুরী, পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা নাসিম আখতার। সঙ্গে ছিলেন একাত্তরে বঙ্গবন্ধুর মুক্তির দাবি জানানো পাকিস্তানি কাজী ফয়েজ মোহম্মদের ছেলে অ্যাডভোকেট জাবেদ কাজী।
পরে মশাল নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে শুরু হয় আলোর মিছিল। আলোর মিছিলটি এসে শেষ হয় জগন্নাথ হলের শহীদ স্মৃতিস্তম্ভে। সেখানে রাত ১২টায় ২ মিনিট সব মোববাতি নিভিয়ে ফিরিয়ে আনা হয় একাত্তরের সেই কাল রাত।
নিরাপত্তার কারণে বিদেশি তিন বন্ধু নাগরিক এই আলোর মিছিলে অংশ নেননি।
মশাল প্রজ্বালনের আগে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে একাত্তরে গেরিলা যোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “৪২ বছর আগে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, সেই বিজয়ের স্মারকগুলো ধ্বংস করে দিচ্ছে এবং দখল করে নিচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-শিবির। আমাদের সেই হারানো জমিন পুনরুদ্ধার করতে হবে।”
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
তিনি বলেন, “১৯৭১ সালের ১৬ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে, কিন্তু তাদের সহযোগী বাহিনী আত্মসমর্পণ করেনি। তাদেরকে আত্মসমর্পণ করানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব সম্পন্ন করতে হবে।”
একাত্তরের রণাঙ্গনের বাঙালির অমিত বিক্রমের উচ্ছ্বসিত প্রশংসা ঝরে ভারতীয় জেনারেল শংকর রায় চৌধুরীর কণ্ঠে।
“একাত্তরে কিশোর-যুবকদের সাহস দেখে আমি অবাক হয়েছি- এই বয়সে একটি ছেলে তেজিয়ান এত সাহসী হয় কীভাবে! পরনে লুঙ্গি গায়ে ছেড়া গেঞ্জি।”
“প্রশিক্ষণের সময় তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এত কষ্টের মাঝেও যখন তারা নির্দিষ্ট সময়ের পর জলখাবার খেতে যেত তার আগে তারা ‘জয় বাংলা’বলে উঠত। সেই জয় বাংলা বহুদিন শুনতে পাই না। এই যুদ্ধ ছিল মূলত জয় বাংলারই যুদ্ধ।
“আসুন দ্বিধাহীন চিত্তে ফিরে আসুক জয় বাংলা,” মুক্তিযুদ্ধের সেই স্লোগান তোলেন তিনি, যা বহু বছর পর তরুণ প্রজন্ম মুক্ত করেছে বলে বলেন অনেকে।
