খুলছে মিরপুর-বিমানবন্দর উড়াল সড়ক
নির্ধারিত সময়ের তিন মাস আগে উদ্বোধন হতে যাচ্ছে মিরপুর-বিমানবন্দর উড়াল সড়ক।
আগামী ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
২০১০ সালের মার্চ মাসে এই উড়াল সড়কের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছিল ২০১৩ সালের জুন পর্যন্ত।
সোমবার উড়াল সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, এ ফ্লাইওভারের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৭ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধনের পর তা উন্মুক্ত করে দেয়া হবে।
ঢাকার যানজট নিরসনে এই উড়াল সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ওবায়দুল কাদের মনে করেন।
তিনি বলেন, “ঢাকার অধিকাংশ সড়ক উত্তর-দক্ষিণমুখী হওয়ায় এ শহরে যানজটের অবস্থা ভয়াবহ। এই ফ্লাইওভার রাজধানীর পূর্ব ও পশ্চিমের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মন্ত্রী বলেন, বৃহত্তর মিরপুরবাসী এই ফ্লাইওভার ব্যবহার করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এয়ারপোর্ট সড়কে পৌঁছাতে পারবে। ফলে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের ১১ কিলোমিটার সড়কের পরিবর্তে মাত্র ৩ কিমি সড়ক ব্যবহার করতে হবে।
আগামী ২৭ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে মিরপুর-বিমানবন্দর উড়াল সড়ক। সোমবার এর কাজ পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
এক হাজার ৭৯৩ মিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯৯ কোটি টাকা। বনানী রেলক্রসিং ওভারপাস সহ পুরো প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৩৬০ কোটি ১৬ লাখ টাকা।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যানজট নিরসনে এ প্রকল্পের আওতায় শাহজালাল বিমানবন্দর থেকে বিজয় সরণীর মধ্যবর্তী বিমানবন্দর সড়কে চারটি ‘ইউ’ লুপ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ চারটি ‘ইউ’ লুপের একটি আর্মি গলফ ক্লাব, দুটি নৌ সদর দপ্তর এবং একটি সেতু ভবনের পাশে নির্মিত হবে। এর ফলে বিমানবন্দর সড়কে যান চলাচল নিরবচ্ছিন্ন হবে।
প্রকল্প পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, প্রকল্পের পরামর্শক প্রকৌশলী অধ্যাপক আজাদুর রহমান প্রমুখ।
