যুদ্ধাপরাধের বিচারের দাবি অস্ট্রেলিয়া ও আমেরিকায়
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে একযোগে মানববন্ধন করেছেন প্রবাসি বাংলাদেশিরা।
শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার ৪০টি শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবাসি শিক্ষার্থীরা এই কর্মসূচির অায়োজন করে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রধান কর্মসূচি শুরু হয় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের পাঠানো বাণী পাঠের মধ্য দিয়ে।
বাণীতে তিনি বলেন, “আমি মনে করি মতিউর রহমানসহ কেবল সাতজনই বীরশ্রেষ্ঠ নন। মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ বাঙালি শহীদ হয়েছেন তারা প্রত্যেকেই বীরশ্রেষ্ঠ। বাণীটি পড়ে শোনান নাসরীন জাহান ববি।
এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মহাসড়কের পাশে পার্কের উপর বিশাল একটি ক্যানভাসে উপস্থিত সবাই রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শন করে নিজ নিজ মন্তব্য লেখেন।
আরেকটি ক্যানভাসে সবাই হাতের ছাপ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকেন। এসময় ‘জয় বাংলা’ স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। আবৃত্তি করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া গান ও কবিতা।
কর্মসূচির উদ্যোক্তারা হলেন- নিউইয়র্ক গণজাগরণ মঞ্চের সংগঠক মিনহাজ আহমেদ সাম্মু, মিঠুন আহমেদ, জাকারিয়া চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার, আকবর হায়দার কিরণ ও লুৎফুন্নাহার লতা।
কর্মসূচির সমন্বয়কারী আশফাক স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি সেন্টারে, টেক্সাসের রাজধানী অস্টিনে, কলম্বাসে, ওয়াশিংটন ডিসিতে, বস্টনের হার্ভার্ড চত্বরে সমাবেশ হয়েছে।
এছাড়া আটলান্টা, অর্বান, শিকাগো, ডেট্রয়েট, কলম্বিয়া, ডালাস, হনলুলু, হিউস্টন, লস এঞ্জেলেস, নিউজার্সি, ফিলাডেলফিয়া, নর্থ ক্যারলিনা, রিনো, রাস্টন প্রভৃতি স্থানে মানববন্ধনে ভিন্ন ভাষাভাষী মানুষরাও অংশ নেয়।
মানববন্ধন হয়েছে কানাডার অটোয়া, কলগেরী ও ভেঙ্কুবারেও।
ওয়াশিংটন ডিসিতে ‘দৃষ্টিপাত’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় পাঠানো হবে বলে উদ্যোক্তারা জানান।
যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ৫ ফেব্রুয়ারি শাহবাগে আন্দলন শুরু পর থেকেই এর 0সঙ্গে সংহতি প্রকাশ করে বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন প্রবাসি বাংলাদেশিরা।
