নাটোরে সাঁওতাল পরিবারের জমি ‘দখল’
নাটোর সদরে সোমবার এক সাঁওতাল পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে।
মীর্জাপুর গ্রামে এ ঘটনার পর সাঁওতালরা নলডাঙ্গা থানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।
নলডাঙ্গা থানার ওসি হারুণ-অর-রশিদ বলেন, দুপুরে মীর্জাপুর গ্রামের আব্দুল হামিদ একই গ্রামের চোরা মাড্ডির বাড়ির জমি দখল করে একটি টিনের ঘর ওঠায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে শান্ত করে এবং ঘর তোলা বন্ধ রাখার ব্যবস্থা নেয়।
চোরা মাড্ডির অভিযোগ, তার বাবা চরন মাড্ডি একই গ্রামের ইব্রাহিম হোসেনের কাছে মাঠের কিছু জমি বিক্রি করেন। ইব্রাহিম কৌশলে মাঠের জমির বদলে বাড়ির জমিটি দলিলে লিখে নিয়ে নিবন্ধন করেন।
এ ব্যাপারে গ্রামে সালিশে ইব্রাহিম বাড়ির জমিটি ছেড়ে দিতে রাজি হন বলেও দাবি করেন তিনি।
এদিকে ইব্রাহিমের ছেলে আব্দুল হামিদ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাবা বাড়ির জমিই কেনেন। দলিলেও বাড়ির জমি উল্লেখ আছে। চোরা মাড্ডি জমি ছেড়ে না দেওয়ায় তারা সেখানে ঘর ওঠানোর উদ্যোগ নেন।
তবে পুলিশ নিষেধ করায় আপাতত ঘর তোলা বন্ধ রেখেছেন বলেও জানান তিনি।
