জাতীয় বিশ্ববিদ্যালয়: উত্তরপত্র আঞ্চলিক কেন্দ্রে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (পাস) পরীক্ষার উত্তরপত্র এবার ছয়টি আঞ্চলিক কেন্দ্র থেকে বিতরণ করা হয়েছে।
আঞ্চলিক কেন্দ্রগুলো হল চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট ও খুলনা।
সোমবার বিশ্ববিদ্যলয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে উত্তরপত্রের জন্য বিভিন্ন জেলার পরীক্ষকরা বিশ্ববিদ্যালয়ের গাজীপুর কার্যালয় থেকে সংগ্রহ করতেন।
বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রগুলো সক্রিয় করতে গত বুধবার (২০ মার্চ) থেকে বিতরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া এসব কেন্দ্র থেকে শিগগিরই পরীক্ষার্থীদের সাময়িক সনদপত্র, নম্বরপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষা ও ভর্তির কাগজপত্র, পরীক্ষা কেন্দ্রের মালামাল এবং বিভিন্ন ফি গ্রহণের কাজও শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
