সাভারে ৫ লাশ উদ্ধার
সাভারে পৃথক স্থান থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সময়ে এসব লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে মধুমতি মডেল টাউন এলাকায় অজ্ঞাত পরিচয় তরুণীর (২২), থানা বাসস্ট্যান্ডে জাহিদুল ইসলাম (১৮), ভাগলপুরে রেশমা আক্তার (২৩), রাজফুলবাড়িয়ায় রহিমা খানম (২২) এবং সাভার মিলিটারি ফার্ম এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (২৫) যুবকের লাশ পাওয়া যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন বলেন, মধুমতি মডেল টাউন এলাকার সামনে পাওয়া অজ্ঞাত পরিচয় তরুণীর পরনে কালো বোরকা ও গোলাপি রঙের সেলোয়ার-কামিজ ছিল।
জাহিদুল ইসলাম স্বাধীনতা দিবস উপলক্ষে সড়কের ডিভাইডার রঙ করার সময় ট্রাকচাপায় মারা যান।তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সোলেমানের ছেলে।
রেশমা আক্তার (২৩) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ চর কুমারিয়া গ্রামের আরিফ হোসেনের স্ত্রী।পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
এছাড়া সাভারের মিলিটারি ফার্মের ভিতর পাওয়া অজ্ঞাত (২৫) যুবককে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় বলে পুলিশ ধারণা করছে, বলেন এসআই শেখ ফরিদ।
তিনি আরো জানান, সোমবার লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হযেছে।এ ব্যাপারে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
