ঝড়ে নিখোঁজ ৩ ব্যবসায়ীর লাশ মেঘনায়
চাঁদপুরের হাইমচর উপজেলায় ৩ দিন আগে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ গরু ব্যবসায়ীর লাশ মেঘনা নদীতে ভেসে উঠেছে।
তিন ব্যবসায়ী হলেন- হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকার কালু আখন (৪০), বিষকাটালী এলাকার আসমান রাঢ়ি (৬০) এবং ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকার আব্দুর রব (৪৫)।
হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, কাটাখালী এলাকায় মেঘনা নদীতে স্থানীয় লোকজন সকালে ৩টি লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।
গত শুক্রবার রাতে গরু-ছাগল নিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পট্টি এলাকা থেকে হাইমচরের দিকে যাচ্ছিল ট্রলারটি। পথে ঝড়ের কবলে পড়ে উপজেলার গাজীপুর ও ঈশানবালা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।
তিন গরু ব্যবসায়ী তখন থেকেই নিখোঁজ ছিলেন বলে ওসি জানান।
