২৫ মার্চ শ্রেণিকক্ষে মুক্তিযুদ্ধের গল্প
সারাদেশে স্কুল শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর কর্মসূচি দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সারা দেশের স্কুলের শিক্ষকদের কাছে আহ্বান জানিয়েছি তারা যেন ২৫ মার্চ সারাদিনের যেকোনো একটি ক্লাসে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনায়।”
গল্প শোনানোর পর শিক্ষক ও শিক্ষার্থীদের তার ওপর আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
বাপ্পা বলেন, “এতে করে শিশুরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তাদের মধ্যে দেশের ইতিহাস জানার একটা আগ্রহ জন্মাবে।”
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে থেকে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে, যাতে সংহতি জানায় গণজাগরণ মঞ।
শতাধিক মশাল নিয়ে মিছিলটি টিএসসি, নীলক্ষেত, কাঁটাবন হয়ে শাহবাগে ফিরে গণজাগরণ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।
এদিকে ২৫ মার্চ কালরাত স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করবেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শাহবাগের তরুণরা।
কর্মসূচির মধ্যে রয়েছে, রাত ১১টায় প্রজন্ম চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মৌন পদযাত্রা। এর পরে ১১টা ২৯ মিনিট থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত ‘মহাকাব্যিক’ মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ।
১১টা ৩৫ মিনিটে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের গণকবরের উদ্দেশ্যে রওনা দেবে গণজাগরণ মঞ্চ। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে জগন্নাথ হল স্মৃতিসৌধে ১১টা ৫৮মিনিট থেকে ১২টা পর্যন্ত গণহত্যার কালরাত স্মরণে মোমবাতি নিভিয়ে রাখা হবে।
১২টার পর শাহবাগে ফিরে আসার পর ভোরের আলো ফোটার আগ পর্যন্ত চলবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী।
২৬ মার্চ শাহবাগে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশ। মহাসমাবেশের পর রাত ৮টায় মুক্তিযুদ্ধের ৪২তম বার্ষিকী স্মরণে মঞ্চ থেকে উড়ানো হবে ৪২টি ফানুস।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থেকে শুরু হয় গণজাগরণ আন্দোলন।
এই আন্দোলনের মুখে যুদ্ধাপরাধের যে কোনো রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের সমান সুযোগ রেখে আইন সংশোধন করেছে সরকার। তবে জামায়াত নিষিদ্ধসহ আরো পাঁচটি দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের।
