হিমাগার আগাম বরাদ্দ, বিপাকে আলুচাষিরা
রাজশাহী অঞ্চলের আলু সংরক্ষণের হিমাগারগুলো আগে থেকেই ব্যবসায়ীরা বরাদ্দ নিয়ে রাখায় প্রকৃত চাষিরা বিপাকে পড়েছেন।
হিমাগারে জায়গা না পেয়ে আলু সংরক্ষণ নিয়ে সীমাহীন সমস্যায় থাকা চাষিরা বলছেন, এতে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতেই হিমাগার বরাদ্দ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ অবস্থায় চাষিদের বাড়িতেই আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৯ লাখ বস্তা (৬ লাখ ৬৯ হাজার ৬০৮ মেট্রিক টন)। তবে তা এক কোটি বস্তা (প্রতি বস্তায় ৮৫ কেজি) ছাড়িয়ে যেতে পারে।
জেলায় সরকারি-বেসরকারি ২৮টি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা রয়েছে সাড়ে ৩৩ লাখ বস্তা।
মোহনপুর উপজেলার শনখেজুর গ্রামের আলুচাষি সাইবত আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব হিমাগার বরাদ্দ নিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। ফলে তারা এবার হিমাগারে আলু সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না। এতে বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিতে হচ্ছে।
আলু ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, এ অঞ্চলের হিমাগারগুলোর ধারণ ক্ষমতার তিনগুণ বেশি আলু উৎপাদন হবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। ফলে ব্যবসায়ীরা আগে থেকেই হিমাগার বুকিং দিয়ে রেখেছেন।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও হিমাগার মালিক সমিতির সভাপতি বাক্কার আলী বলেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতেই ব্যবসায়ীরা হিমাগার বরাদ্দ নিয়েছেন।
যেসব ব্যবসায়ী হিমাগার বরাদ্দ নিয়েছেন তারাও শত শত একর জমিতে আলু চাষ করেছেন। তবে যেসব কৃষক আলু চাষের জন্য হিমাগার থেকে ঋণ নিয়েছেন তাদের আলু সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতা বাক্কার আলী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার আলুর ব্যাপক ফলন হওয়ায় হিমাগারে স্থান সংকুলান সমস্যা দেখা দিয়েছে। ফলে হিমাগারে জায়গা না পাওয়ায় চাষিদের বাড়িতে আলু সংরক্ষণের পরামর্শ দেয়া হচ্ছে।
