ইউনাইটেডের ৫৩ যাত্রীর দুর্ভোগ
যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের ১৫ মিনিটের মধ্যে ওড়ার কথা বলে পাঁচ ঘণ্টায়ও বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেডের একটি ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে উড়তে পারেনি বলে অভিযোগ করেছেন ঢাকা-কলকাতা রুটের যাত্রীরা।
৫৩ জন যাত্রী নিয়ে রোববার বেলা ১২টা ৪০ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে কলকাতার পথে রওনা দেয় ইউনাইটেডের ওই উড়োজাহাজ। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বেলা ১টা ২৫ মিনিটে তা ফিরে আসে।
যাত্রীরা অভিযোগ করেছেন, অবতরণের সময় তাদেরকে বলা হয়েছিল ১৫ মিনিটের মধ্যে তারা রওনা দিতে পারবেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন যাত্রী বলেন, “তবে ১৫ মিনিট পর জানানো হয়, একঘণ্টার মধ্যে সংস্থার পরবর্তী ফ্লাইটে যাত্রীদের নিয়ে যাওয়া হবে। কিন্তু একঘণ্টা পরেও যাত্রীদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। পরে যাত্রীদের জানানো হয় সন্ধ্যা ৬টার একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।”
কয়েকজন যাত্রী জানান, এই সময়ের মধ্যে বিমান সংস্থাটি যাত্রীদের জন্য কোন রকম খাবারের ব্যবস্থা করেনি। বরং খাবার চাইতে গেলে তাদের সঙ্গে ‘খারাপ আচরণ’ করা হয়েছে।
“বিকাল ৪টার দিকে যাত্রীদের উড়োজাহাজে সরবরাহের জন্য রাখা খাবার দেয়া হয়েছে,” ক্ষুব্ধ কণ্ঠে একজন যাত্রী বলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউনাইটেড এয়ারওয়েজের বিপণন শাখার সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারিগরি সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিলো। আমরা সন্ধ্যা পৌনে ছয়টায় একটি ১৭০ আসনের এমডি ৮৩ মডেলের উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবো।”
গত বছরের ১৩ অগাস্ট যশোর থেকে ঢাকায় আসার পথে ইউনাইটেডের একটি উড়োজাহাজের জানালা (উইন্ডশিল্ড) ভেঙে যায়। এতে একজন ক্রু চোখে আঘাত পান। সে সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে কামরুল ইসলাম জানান, উড়োজাহাজ ছাড়তে দেরি হলে অনেক ধরনের সমস্যা হতে পারে। তারা চেষ্টা করছেন নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে একজন যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ফোন করে জানান, তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বর্তমানে আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে কলকাতা, কাঠমান্ডু কুয়ালালামপুর, ব্যাংকক, জেদ্দা, দুবাই ও মাস্কাট এবং চট্টগ্রাম থেকে কোলকাতা এবং মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড এয়ারওয়েজ।
অভ্যন্তরীণ রুটে প্রতিষ্ঠানটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর এবং রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।
