২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা মামলায় জাবের ৫ দিনের রিমান্ডে

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 08:59 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রোববার শুনানি শেষে এই আদেশ দেয়। আসামির জামিন আবেদনও নাকচ করে দেন মহানগর হাকিম সাইফুর রহমান।

আসামির আইনজীবী নজিবুল্লাহ হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গত ১৩ মার্চ এ আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন রিয়াজ আহমেদ। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মির্জা জাহিদুল আলম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

বিচারক শুনানির জন্য ২৪ মার্চ দিন রাখেন।

কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্র’ করার অভিযোগে গত ১৭ ডিসেম্বর বনানী থানায় সাত জনকে আসামি করে এই মামলা করে দুদক।

রিয়াজ আহমেদ জাবের ছাড়াও সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, এই সংস্থার আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে এ মামলার আসামি করা হয়।

এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে তারা পরে তা স্থগিত করে। এ নিয়ে দীর্ঘ টানাপড়েন শেষে গত জানুয়ারির শেষে সরকার জানিয়ে দেয়, এ প্রকল্পে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের অর্থ নেয়া হচ্ছে না।