ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে ২ জন নিহত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কামারিয়া গ্রামের লুৎফর রহমান (৬০) এবং ঈমান আলীর ছেলে আব্দুর রহিম (২২)।
মুক্তাগাছা থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬০ শতাংশ কৃষি জমি নিয়ে গ্রামের লুৎফর রহমান ও ঈমান আলীর মধ্যে বিরোধ ছিল। সকালে একপক্ষ জমিতে চাষ করতে গেলে অপরপক্ষ তাতে বাধা দেয়।
এ সময় দুপক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়লে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরো অন্তত ১০ জন। আহতদের মধ্যে সাত জনকে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।
