বগুড়ার পথে খালেদা
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বগুড়া ও জয়পুরহাটে সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে শনিবার বিকালে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া।
বিকাল ৪টায় গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপার্সন রওনা হন। বগুড়া সার্কিট হাউজে তার রাত্রিযাপনের কথা রয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সাত্বনা জানানো এবং সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে বিরোধী দলীয় নেতা বগুড়া ও জয়পুরহাট যাচ্ছেন।”
রোববার সকাল সাড়ে ১০টায় বিরোধী দলীয় নেতা তার কর্মসূচি শুরু করবেন।
ভোরে মাইকে ডেকে জড়ো করা হয় জামায়াত কর্মীদের, তারপর শুরু হয় হামলা
রোববারের কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে বগুড়া থেকে জয়পুরহাটে যাওয়ার পথে মাটিঢালী বিমান মোড় ও শিবগঞ্জে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ। সেখানে একটি পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার। এরপর জয়পুর হাটের পাঁচবিব’র শালাইকো উচ্চ বিদ্যালয় মাঠে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে একটি শোকসভায় যোগ দেবেন তিনি।
জয়পুর হাট থেকে বগুড়া ফেরার পথে গাবতলীর রামেশ্বরপুর ও সোনারায় ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, একটি শোকসভায় যোগদান এবং বিকালে শাহজাহানপুরের আড়িয়াবাজার মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।
শাহজাহানপুরের জনসভা শেষ করে রাতেই তিনি ঢাকা ফিরবেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে বিরোধী দলীয় নেতা তার নির্ধারিত কর্মসূচি একদিন পেছায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ৩ ও ৪ মার্চ হরতাল দেয় বিএনপির শরিক জামায়াতে ইসলামী। হরতালে সহিংসতায় বগুড়ার শাহজাহানপুরে বেশ কয়েকজন নিহত হয়।
গত সাপ্তাহে খালেদা জিয়া সস্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির দেখতে মুন্সিগঞ্জ এবং সহিংসতায় নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়েত মানিকগঞ্জের শিংগাইর যান।
